ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি, ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন
- আপডেট টাইম : ০৬:৫৬:০৩ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
- / 38
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ভয়াবহ ঘূর্ণিঝড়ে প্রায় পাঁচশত ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। রবিবার (৫ অক্টোবর) সকাল ৮টার দিকে গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরাম বানিয়া পাড়া এলাকায় আঘাত হানা এই ঝড়ে অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে, তিনটি গবাদি পশু মারা গেছে এবং তিনজন ব্যক্তি আহত হয়েছেন। ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছে জেলা প্রশাসন।
বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে প্রাথমিকভাবে ২০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে দেওয়া হয় এক বস্তা শুকনো খাবার এবং ৩০ কেজি চাল। এছাড়াও, রাতের খাবারের জন্য খিচুড়ি প্রস্তুতের জন্য ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মনোয়ারুল ইসলাম।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মনোয়ারুল ইসলাম জানান, ঝড়ে প্রায় পাঁচশত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছপালা উপড়ে পড়ায় এবং ঘরের নিচে চাপা পড়ে তিনজন আহত হয়েছেন। তিনি বলেন, “প্রাথমিকভাবে আমরা সরকারি ত্রাণ সামগ্রী নিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছি। পর্যায়ক্রমে সকল ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান করা হবে।”
জেলা প্রশাসনের এই উদ্যোগ ক্ষতিগ্রস্তদের মাঝে স্বস্তি ফিরিয়ে আনলেও পুনর্বাসন ও দীর্ঘমেয়াদী সহায়তার জন্য আরও পদক্ষেপ প্রয়োজন বলে স্থানীয়রা মনে করছেন।
নিউজ লাইট ৭১













