গহীন পাহাড় থেকে ৩৮ নারী-শিশুসহ উদ্ধার, আটক ২
- আপডেট টাইম : ০৪:৪৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
- / 31
কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড় থেকে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাচারের উদ্দেশ্যে বন্দি করে রাখা ৩৮ জন নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।
শুক্রবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড ও নৌবাহিনীর একটি যৌথ দল গতরাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের পাহাড়ি এলাকায় অভিযান চালায়। রাত ২টার দিকে পরিচালিত এই অভিযানে পাচারকারীদের আস্তানায় বন্দি অবস্থায় ১৮ জন নারী, ১২ জন পুরুষ এবং ৮ জন শিশুসহ মোট ৩৮ জনকে উদ্ধার করা সম্ভব হয়। অভিযান চলাকালে দুই মানবপাচারকারীকে আটক করা হয়।
উদ্ধার হওয়া ভুক্তভোগীরা জানান, পাচারকারীরা মুক্তিপণ আদায়ের জন্য এবং মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে তাদের বন্দি করে রেখেছিল এবং শারীরিক নির্যাতন চালাচ্ছিল।
নিউজ লাইট ৭১













