খালের ওপর কঙ্কাল হয়ে দাঁড়িয়ে আছে ব্রিজ, নেই রাস্তা!
- আপডেট টাইম : ০৫:১৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
- / 50
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের ঘগোয়া খালের ওপর নির্মিত একটি সেতু গত ছয় মাস ধরে সংযোগ সড়কের অভাবে ‘কঙ্কাল’ হয়ে দাঁড়িয়ে আছে। এলাকাবাসীর জন্য অকেজো এই সেতু এখন দুর্ভোগের কারণ হয়ে উঠেছে।
সরেজমিনে দেখা গেছে, সেতুর দুই পাশে গভীর গর্ত থাকায় যানবাহন চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটেও পারাপার কঠিন। বাধ্য হয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার ও এলাকাবাসী মিলে বাঁশের সাঁকো বসিয়ে অস্থায়ী সংযোগ তৈরি করেছেন। এই ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে শিক্ষার্থী, শিক্ষক, কৃষক ও সাধারণ মানুষ প্রতিদিন পারাপার করছেন। অনেক শিক্ষার্থী পড়াশোনার বই-খাতা পানিতে ফেলে ভোগান্তির শিকার হচ্ছেন। জরুরি রোগী পরিবহনের মতো সেবাও এখন অচল।
স্থানীয় বাসিন্দা সুজন অভিযোগ করেন, “নিম্নমানের সামগ্রী দিয়ে সেতুর কাজ করা হয়েছে। সিডিউল অনুযায়ী মাপ ঠিকঠাক হয়েছে কিনা, তাতেও সন্দেহ আছে।” ইউপি সদস্য মজনু মিয়া বলেন, “সংযোগ সড়ক না থাকায় মানুষ চরম দুর্ভোগে। ঠিকাদারকে বারবার বলা হলেও কোনো কাজ হয়নি।”
ঠিকাদার নুর মওলা দাবি করেছেন, শিগগিরই সংযোগ সড়কের কাজ শুরু হবে। তবে প্রকল্পের বরাদ্দ নিয়ে তিনি কিছু বলেননি। ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, “সেতুর কাজ পাঁচ-ছয় মাস আগে শেষ হয়েছে। কিন্তু ঠিকাদার চলে যাওয়ার পর আর খোঁজ পাওয়া যায়নি। বাধ্য হয়ে বাঁশের সাঁকো দিয়ে পারাপারের ব্যবস্থা করা হয়েছে।”
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে একাধিকবার চেষ্টা করেও দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী বা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস বলেন, “বিষয়টি এখন জানলাম। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা জানান, এই সেতু স্কুল, মাদ্রাসা ও বাজারে যাতায়াতের একমাত্র ভরসা ছিল। সংযোগ সড়কের অভাবে এটি এখন শুধুই ‘প্রতীকি ব্রিজ’। তারা দ্রুত সংযোগ সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন।
নিউজ লাইট ৭১



















