শিশু শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার
- আপডেট টাইম : ০৫:২৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
- / 54
সুনামগঞ্জের দোয়ারাবাজারে এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক ও স্থানীয় সুড়িগাওঁ জামে মসজিদের ইমাম রহমত আলীকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়নের চামতলা ইসলামীয়া দাখিল মাদ্রাসার শিক্ষক। ভিকটিম শিশুটি স্থানীয় লিয়াকতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে শিশুটি আরবি শিক্ষার জন্য সুড়িগাওঁ জামে মসজিদে যায়। মক্তব শেষে অন্য শিক্ষার্থীরা চলে গেলেও রহমত আলী কাজের কথা বলে শিশুটিকে তার কক্ষে নিয়ে যান এবং জোরপূর্বক ধর্ষণ করেন। পরে তিনি ঘটনা প্রকাশ না করতে শিশুটিকে ভয়ভীতি দেখান। শিশুটি প্রথমে ভয়ে কাউকে কিছু না বললেও, চার দিন পর সোমবার (১ সেপ্টেম্বর) সকালে অসুস্থ হয়ে পড়লে পরিবারের চাপে ঘটনাটি খুলে বলে। এরপর স্থানীয়রা বিষয়টি জানতে পেরে রহমত আলীকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
নিউজ লাইট ৭১













