ডাকাতির প্রস্তুতিকালে তিন যুবক গ্রেফতার
- আপডেট টাইম : ০৮:২৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
- / 50
মাদারীপুরের রাজৈর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে তিন যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (৩০ আগস্ট) গভীর রাতে উপজেলার মাচারং গ্রামের বালুর মাঠ থেকে তাদেরকে আটক করা হয়।
রাজৈর থানার ওসি মোহাম্মদ মাসুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি তদন্ত কর্মকর্তা সঞ্জয় কুমার ঘোষ, এসআই এনায়েত করিম ও এসআই ফরিদুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। ডাকাত দলের সদস্যরা বালুর মাঠে জড়ো হয়ে ডাকাতির পরিকল্পনা করছিল বলে পুলিশ নিশ্চিত হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি দেশীয় ছোঁড়া, একটি শাবল, দড়ি ও একটি ইজিবাইক উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, কুলপদ্দি গ্রামের ফজলুল হক কাহেনীর ছেলে অপু তাহেনী (২০), ঘোষালকান্দি গ্রামের আ. রশিদ খানের ছেলে পলাশ খান (২৪) এবং যশোর কোতোয়ালি এলাকার মনু বেপারীর ছেলে জুম্মান বেপারী (৩৪)। বর্তমানে জুম্মান রাজৈরের পশ্চিম সরমঙ্গলে শ্বশুরবাড়িতে বসবাস করেন।
ওসি আরও জানান, আটক তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
নিউজ লাইট ৭১













