এক সপ্তাহে ২২ হাজারেরও বেশি প্রবাসী আটক
- আপডেট টাইম : ০৭:২৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
- / 34
আবাসন, শ্রম এবং সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে গত এক সপ্তাহে ২২ হাজারেরও বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে সংযুক্ত আরব আমিরাতের দৈনিক গালফ নিউজ এই খবর জানিয়েছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ১৪ থেকে ২০ আগস্ট পর্যন্ত দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের সময় এই প্রবাসীদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৩ হাজার ৫৫১ জন আবাসন আইন, ৪ হাজার ৬৬৫ জন সীমান্ত আইন এবং ৪ হাজার ৬ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন।
গ্রেপ্তারকৃত ২০ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের জন্য তাদের নিজ নিজ দূতাবাসে পাঠানো হয়েছে। এর মধ্যে ১২ হাজার ৯২০ জনকে ইতোমধ্যে নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে।
এছাড়াও, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় ১ হাজার ৭৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের অধিকাংশই ইথিওপীয় ও ইয়েমেনি নাগরিক। একই সময়ে অবৈধভাবে সৌদি আরব ত্যাগ করার সময় ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়।
আইন লঙ্ঘনে সহায়তার অভিযোগে ১৮ জন সৌদি নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আবাসন এবং কর্মবিধি লঙ্ঘনকারী প্রবাসীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে।
বর্তমানে ২৫ হাজার ৯২১ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে, যার মধ্যে ২৩ হাজার ৪১৯ জন পুরুষ এবং ২ হাজার ৫০২ জন নারী। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বারবার সতর্ক করে আসছে যে, অবৈধভাবে কাউকে দেশটিতে প্রবেশে সাহায্য করলে ১৫ বছরের জেল এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।
প্রায় ৩ কোটি ৪৮ লাখ জনসংখ্যার এই দেশে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখ লাখ অভিবাসী শ্রমিক কাজ করেন। দেশটির স্থানীয় গণমাধ্যমগুলোতে প্রায়ই আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে চলমান অভিযান এবং তাদের আটকের খবর প্রকাশ করা হয়।
নিউজ লাইট ৭১













