মোবাইল চুরির সময় ছুরিকাঘাতে যুবক নিহত
- আপডেট টাইম : ১১:৪৩:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
- / 51
পাবনার আটঘরিয়া উপজেলার পারখিদিরপুর গুচ্ছগ্রামে মোবাইল চুরির সময় চোরদের ছুরিকাঘাতে আসাদুল হোসেন ওরফে আসাদ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আসাদ ওই গ্রামের উকিল আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার জানায়, রাত ৯টার পর আসাদের ঘরের জানালা দিয়ে চোরের একটি দল মোবাইল ফোন চুরি করে পালাচ্ছিল। আসাদের স্ত্রীর চিৎকারে তিনি দৌড়ে এসে এক চোরকে ধরে ফেলেন। এ সময় চোরের দল তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়, এবং ঘটনাস্থলেই আসাদের মৃত্যু হয়।
স্থানীয়রা ধাওয়া করে শরিফুল নামে এক চোরকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। শরিফুল একই উপজেলার কালামনগর গ্রামের খলিলুর রহমানের ছেলে। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয়রা অভিযোগ করেন, এলাকায় চুরি-ডাকাতি ও জুয়ার আসর বেড়েছে। প্রকাশ্যে জুয়া চললেও পুলিশ নীরব থাকে। তারা জুয়ার কারণে চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ার দাবি করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুজ্জামান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করা হয়েছে। জড়িত সজীব নামে একজনকে আটক করা হয়েছে, এবং বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে তাকে পাবনা কারাগারে পাঠানো হবে। অন্য সন্দেহভাজনদের শনাক্তে পুলিশ কাজ করছে।
নিউজ লাইট ৭১













