আড়াই কোটি টাকার ভারতীয় কসমেটিকসসহ গ্রেফতার ২
- আপডেট টাইম : ০৮:১৭:১৯ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- / 49
সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকায় পাথরবোঝাই একটি ট্রাক থেকে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ কসমেটিকস পণ্য আটক করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চারখাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হোসাইনের নেতৃত্বে কসকটখা-লালপুর সেতুর কাছে অভিযান চালানো হয়। এ সময় পাথরের আড়ালে লুকানো অবৈধ কসমেটিকস বোঝাই একটি ট্রাক (নম্বর: বগুড়া-ট ১১-২৩৬৯) আটক করা হয়। তল্লাশির সময় ট্রাক থেকে ৭৪ কার্টুন স্কিনশাইন ক্রীম এবং ২৮ কার্টুন আল্ট্রাব্রাইট সৌন্দর্যবর্ধন ক্রীম উদ্ধার করা হয়। এসব পণ্যের বাজার মূল্য প্রায় ২ কোটি ৪৩ লাখ ৮৪ হাজার টাকা।
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন কানাইঘাটের সাতপারি গ্রামের সাইনুল হকের ছেলে জাহেদ আহমদ (২৪) এবং মইন উদ্দিনের ছেলে হাসান ইমরান (২০)। পুলিশ ট্রাকটিও জব্দ করেছে। সিলেটের পুলিশ সুপার মাহবুবুর রহমান এবং বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ উজ্জামানের তদারকিতে এ অভিযান পরিচালিত হয়।
ওসি আশরাফ উজ্জামান জানান, সীমান্ত পাড়ি দিয়ে অবৈধভাবে আনা এসব কসমেটিকস পণ্য বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
নিউজ লাইট ৭১













