১৩ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
- আপডেট টাইম : ০১:৪৪:০৪ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
- / 35
আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। গত শনিবার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানায়।
সৌদি সরকারের বরাত দিয়ে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক গালফ নিউজ জানায়, গত ১৯ জুন থেকে ২৫ জুন পর্যন্ত অভিযান চালিয়ে এসব প্রবাসীদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে ৭ হাজার ৯০৩ জন আবাসন আইন, ৩ হাজার ৭৪৪ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ১ হাজার ৮৮৫ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন। অভিযানে নিরাপত্তা বাহিনী ও বিভিন্ন সরকারি সংস্থা একসঙ্গে কাজ করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় এক সপ্তাহে গ্রেপ্তার হয়েছেন এক হাজার ৮৯২ জন। তাঁদের মধ্যে ইথিওপিয়ান ৬৭ শতাংশ, ইয়েমেনি ৩১ শতাংশ এবং অন্যান্য দেশের ২ শতাংশ নাগরিক রয়েছেন। একই সময়ে অবৈধ অভিবাসীদের আশ্রয়, চাকরি বা পরিবহন দেওয়ার দায়ে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, অবৈধ অভিবাসীদের সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড, ১০ লাখ রিয়াল জরিমানা হতে পারে।
নিউজ লাইট ৭১













