মাদক কারবারিদের গুলিতে দুই পুলিশ সদস্য আহত
- আপডেট টাইম : ১১:০৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
- / 33
রাজধানীর পল্টনে ডিবি পুলিশের অভিযানে মাদক কারবারিদের গুলিতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন লালবাগ বিভাগের ডিবি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আতিক হাসান এবং কনস্টেবল সুজন।
বুধবার (১৮ জুন) রাত পৌনে ১টার দিকে পল্টন থানাধীন পুলিশ হাসপাতালের বিপরীতে এ ঘটনা ঘটে। আহতদের তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। এএসআই আতিককে ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ার (ওসেক) ইউনিটে এবং কনস্টেবল সুজনকে ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লালবাগ বিভাগের ডিবির একটি দল অভিযান চালায়। দলটির নেতৃত্বে ছিলেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) এনায়েত কবির শোয়েব। অভিযানের একপর্যায়ে একটি প্রাইভেটকার থামালে তাতে থাকা মাদক কারবারিরা হঠাৎ গুলি চালায়। এতে এএসআই আতিকের পেটে এবং কনস্টেবল সুজনের পায়ে গুলি লাগে।
চিকিৎসকদের বরাতে জানা গেছে, আতিক হাসানের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার সকালে তার অস্ত্রোপচার হতে পারে।
ঘটনাস্থল থেকে একটি প্রাইভেটকারসহ তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ডিবির সিনিয়র সহকারী কমিশনার এনায়েত কবির শোয়েব বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হচ্ছিল। হঠাৎ মাদক কারবারিরা গুলি চালায়। আমাদের দুই সদস্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
নিউজ লাইট ৭১













