হাটহাজারীতে বাস-অটোরিকশা সংঘর্ষ
- আপডেট টাইম : ০৫:৫৮:০৬ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
- / 50
চট্টগ্রামের হাটহাজারীতে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭ টার দিকে হাটহাজারী কেন্দ্রীয় ইদগাহ সংলগ্ন এলাকায় চট্টগ্রাম নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুই যাত্রী।
নিহত যুবকের নাম কামরুল ইবনে হাসান। তিনি ফটিকছড়ির মাইজভাণ্ডার চাড়ালিয়াহাট এলাকার বড় বাড়ির মোহাম্মদ হাসানের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে সাতটার দিকে ফটিকছড়িমুখী একটি (অজ্ঞাত) বাসের সাথে চট্টগ্রামমুখী একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে সিএনজির তিন যাত্রীর মধ্যে কামরুল ইবনে হাসান নামের একজন ঘটনাস্থলে নিহত হন এবং অপর দুই যাত্রী গুরুতর আহত হন। ঘটনার পর পর আশেপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে নিকটস্থ হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত ডাক্তার কামরুল ইবনে হাসান কে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করেন।
রাউজান গহিরা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নাজিরহাট থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা বাস ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিকশায় থাকা তিন যাত্রী আহত হন। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামরুলকে মৃত ঘোষণা করেন।
নিউজ লাইট ৭১













