অপরিকল্পিত ভাবে নগরায়ণ বন্ধ হোক
- আপডেট টাইম : ০৯:১১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩
- / 111
ঢাকার ইতিহাসে দেখা যায়, দুই সিটি করপোরেশন এলাকায় খালের সংখ্যা ছিলো ৪৭। ঢাকা শহরে ৫৬টি খালের অস্তিত্ব চোখে পড়ে। এসব খালের মধ্যে দখল হয়ে গেছে ২৬টি। দখল হওয়া খালের কোনো দাগ রেখাও দেখা যায় না। এত বড় একটা নগরী থেকে চোখের সামনে এতগুলো খাল হাওয়া হয়ে গেল, বাকিগুলো জরাজীর্ণ অবস্থায়। নগরীর কাছে বেশি জলাধার থাকলে দূষণ থাকে না, পরিবেশ থাকে শান্ত। ফলে প্রাকৃতিক দুর্যোগ এড়ানোও সম্ভব হয় বলে পরিবেশবিজ্ঞানীরা বলেন। কিন্তু ইরামতের মহানগরী ঢাকায় খাল-বিল-পুকুর-নালায় পর্যাপ্ত পানি না থাকায় কোথাও অগ্নিকাণ্ড ঘটলে পানির অভাবে আগুন নেভানো যায় না।
নগরীর খালগুলো ক্রমাগত ভরাট হচ্ছে। এখন যে কটা অবশিষ্ট আছে সেগুলোও ভরাট করা হচ্ছে। আমরা সবাই মিলে এ নগরটাকে হত্যা করেছি। এখন এ নগর আমাদের ওপর শোধ নিচ্ছে। ৪শ’ বছরের পুরনো শহর এই ঢাকা কার্যত অভিভাবকহীন। দেখার যেন কেউ নেই। দায়িত্বশীলদের ব্যর্থতা, অযোগ্যতা, দুর্নীতি, প্রভাবশালীদের খাল-বিল-নালা দখলে হারিয়ে যাচ্ছে পানির উৎস। গুলশান লেক, ধানমণ্ডি লেক, হাতির ঝিল, রমনা লেক, সংসদ ভবন এলাকায় লেক থাকলেও আড়াই কোটি জনবসতির রাজধানী ঢাকায় যে লেক ও পানির উৎস থাকার কথা তার সিকি ভাগও নেই। অন্যদিকে প্রভাবশালী ভূমিদস্যু থেকে শুরু করে দায়িত্বশীলদের লোভের বলি হয়ে অনেক অত্যাচার সহ্য করছে রাজধানী ঢাকা। যাদের হাতে নিরাপদ থাকার কথা তাদের হাতেই নির্মমতার শিকার হচ্ছে চারশ’ বছরের পুরনো এই শহর। নগরী দখল-দূষণ যেন থামছেই না। ক্রমান্বয়ে ঢাকা শহর বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে।
সরকারি ও ব্যক্তিগত উদ্যোগে সব সময়েই দখল হয়েছে ঢাকার পানির উৎস, খাল, পুকুর ও মাঠ। দীর্ঘ সময় ঢাকার বুকে অত্যাচার চললেও কোনো কিছুই করার নেই যেন নগরবাসীর। উন্নয়ন, ব্যক্তিগত ও সরকারি ভবন আর আবাসন তৈরির নাম করে দখল-ভরাট করা হয়েছে জমি ও খালবিল। পানির উৎস হারিয়ে যাচ্ছে রাজধানী থেকে। দিনে দিনে হারিয়ে গেছে রাজধানীর প্রায় দুই হাজার জলাধার। রাজধানীতে আগুন লাগলেই এখন জলাধারের অভাব অনুভব করেন সংশ্লিষ্টরা।
আমরা ভয়াল একটি অপরিকল্পিত নগরায়ণ বুনে বসে আছি। এই নগরায়ণ আমাদের জলাধারশূন্য করে ফেলছে। ক্ষতিপূরণ দিয়ে এই সমস্যার সমাধান করা যাবে না। শহরের খাল ও জলাধার যতগুলো পারা যায় উদ্ধার করা হোক। সরকারের সংশ্লিষ্ট মহল উদ্যোগ নিলে এটা অসম্ভব নয়।
নিউজ লাইট ৭১













