পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে বৈঠক
- আপডেট টাইম : ০৯:৩৯:১১ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯
- / 142
নিউজ লাইট ৭১ ডেস্ক: পুঁজিবাজারে চলমান অস্থিরতা কাটিয়ে স্থিতিশীলতা ফেরানোর লক্ষ্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে বৈঠক করেছেন বাংলঅদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন।
সোমবার বিকালে সচিবালয়ে অর্থমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। অর্থমন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, বৈঠকে সরকারের কাছে ১০ হাজার কোটি টাকার তহবিলসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে সাপোর্ট ফান্ড ও সার্বিক বিষয় নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান গণমাধ্যমকে জানান, বৈঠকে বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। পুঁজিবাজারকে সাপোর্ট দিতে স্টেকহোল্ডারা যে ফান্ড চেয়েছেন, তা মন্ত্রণালয় পরীক্ষা-নিরীক্ষা করছে। পুঁজিবাজার নিয়ে ইতিবাচক অবস্থানে রয়েছেন অর্থমন্ত্রী।
এর আগে গত ৪ ডিসেম্বর প্রাতিষ্ঠানিক ব্রোকারদের (ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের সহযোগী প্রতিষ্ঠান) পক্ষ থেকে প্রস্তাবিত তহবিলের একটি রূপরেখা অর্থমন্ত্রণালয়ে জমা দেয়া হয়েছে। পুঁজিবাজারে মন্দাবস্থায় বিনিয়োগ অনুকূল পরিস্থিতিতেও হাতে পর্যাপ্ত অর্থ না থাকায় ব্রোকারেজ হাউস ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা নিষ্ক্রীয় হয়ে পড়ায় তারা এ প্রস্তাব দেন।
প্রস্তাবনায় উল্লেখ রয়েছে, আলোচিত তহবিলের আকার ১০ হাজার কোটি টাকা। তহবিলের মেয়াদ হবে ৬ বছর। প্রস্তাবিত সুদের হার ৩ শতাংশ। প্রথম বছর কোন সুদ দিতে হবে না। দ্বিতীয় বছর সুদ দিতে হবে।
এরপর তৃতীয় বছর থেকে সুদসহ মূল টাকা ৬ মাস পর পর ফেরত দিতে হবে। আর শুধু সেকেন্ডারি বাজারে বিনিয়োগের জন্য এই তহবিল থেকে ঋণ সুবিধা দেয়া হবে। এই সুবিধা ব্রোকারহাউজ, মার্চেন্ট ব্যাংকসহ সব মধ্যবর্তী প্রতিষ্ঠানের জন্য উন্মুক্ত থাকবে।













