মিথিলার বিয়ে
- আপডেট টাইম : ০১:৪৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯
- / 177
নিউজ লাইট ৭১ ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করছেন মিথিলা।
বৃহস্পতিবার ৫ (ডিসেম্বর) ভারতীয় গণমাধ্যম এই সময়’কে নিশ্চিত করেছেন শুক্রবার সন্ধ্যায় বিয়ের পিঁড়িতে বসছেন মিথিলা-সৃজিত। এর আগে অবশ্য খবর রটেছিল, মিথিলা-সৃজিত ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি বিয়ে করছেন।
এদিকে বিয়ের জন্য এরই মধ্যে কলকাতায় অবস্থান করছেন মিথিলার পরিবারের সদস্যরা। এই উপলক্ষে ঢাকা থেকে কলকাতায় গেছে ২ কেজি ওজনের চারটি ইলিশ।
এই সময়’ সূত্রে আরও জানা গেছে, আজ সন্ধ্যায় কলকাতায় মিথিলা-সৃজিতের রেজিস্ট্রি বিয়ে হবে, বিয়ের অনুষ্ঠান বেশ বড় না করে পরে বিশাল আয়োজন করা হবে।
এর আগে সর্বপ্রথম চলতি বছরে একাধিক প্রতিবেদনে সৃজিত-মিথিলার প্রেমের গুঞ্জনের খবর প্রকাশ করেছিল টাইমস অব ইন্ডিয়া। এরপর সদ্য সমাপ্ত বাংলাদেশের ফোক ফেস্টে একসঙ্গে দেখা মিলেছিল সৃজিত-মিথিলাকে। সে সময়ই গুঞ্জন ছিল, বিয়ের প্রস্তাব নিয়ে ঢাকাই এসেছেন সৃজিত।
এ বিষয়ে মিথিলার ভাষ্য ছিল এমন, ‘অনেক আগে থেকে সৃজিতের সঙ্গে আমার পরিচয়। এর আগেও আমাদের দেখা হয়েছে, কথা হয়েছে। আমাদের দুজনের কয়েকজন কমন বন্ধু আছে। ইদানীং কাজের সুবাদে যোগাযোগটা বেশি হয়। আমরা আসলে জাস্ট ফ্রেন্ড, এর বেশি কিছু না!’
মিথিলা-সৃজিতের পরিচয় হয় অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেখানে থেকেই বন্ধুত্ব তারপর প্রেম। যদিও এর আগে সৃজিতের সঙ্গে জয়া আহসানের প্রেমের গুঞ্জন ছিল মিডিয়া পাড়ায়। তবে সব গুঞ্জনকে উড়িয়ে মিথিলাকেই বিয়ে করছেন সৃজিত।



















