প্রবাসীর স্ত্রীকে হত্যা কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ
- আপডেট টাইম : ০৯:৫৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- / 4
মাদারীপুর সদর উপজেলার কালিকাপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা ও আইফোন চুরির ঘটনার ৪৮ ঘণ্টা কেটে গেলেও কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
তবে পুলিশ বলছে, চুরি নাকি পারিবারিক বিরোধে এ হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব না হলেও তদন্ত চলমান রয়েছে।
গত মঙ্গলবার সন্ধ্যায় এ হত্যার ঘটনা ঘটে। নিহত আইভী আক্তার (১৮) কালিকাপুর এলাকার আসলাম শরীফের মেয়ে ও শরীয়তপুরের কাতার প্রবাসী মো. ফেরদৌসের স্ত্রী।
পুলিশের ধারণা, আইভীর ব্যবহৃত আইফোন চুরির উদ্দেশ্যে ঘরে ঢুকেছিল চোর চক্র। তাদের চিনে ফেলায় আইভীকে কুপিয়ে হত্যা করে আইফোন নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
কালিকাপুরের স্থানীয়রা বলছেন, পারিবারিক অসচ্ছলতার কারণে ছোটবেলা থেকেই আইভী চাচা কালাম শরীফের বাড়িতে থাকতেন। এক বছর আগে ফেরদৌসের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর ফেরদৌস কাতারে চলে যান। স্বামী বিদেশে থাকায় সম্প্রতি আইভী চাচার বাড়িতে বেড়াতে আসেন।
মঙ্গলবার সন্ধ্যায় চাচা কালাম শরীফ নামাজ আদায় করতে স্থানীয় একটি মসজিদে যান। পরিবারের বাকি সদস্যরা চিকিৎসকের কাছে যাওয়ার জন্য মাদারীপুর শহরে অবস্থান করছিলেন। পরে চাচা নামাজ শেষে বাড়ি ফিরে ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় আইভীকে মৃত দেখতে পান। কালামের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে পুলিশে খবর দেন।
পরে লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের চাচা কালাম শরীফ বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত তাদের সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, “নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। চুরি নাকি পারিবারিক বিরোধে এ হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব না হলেও অভিযান ও তদন্ত চলছে।”
নিউজ লাইট ৭১






















