টাকা-পয়সার লেনদেন এর বিরোধে ছুরিকাঘাতে যুবক নিহত
- আপডেট টাইম : ০৪:৫০:৩৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
- / 7
রাজধানীর মিরপুরে ‘টাকার লেনদেন নিয়ে’ বিরোধের জেরে ছুরিকাঘাতে এক যুবক মারা গেছেন বলে পুলিশ জানিয়েছে।
রোববার রাত ১টার দিকে শাহ আলী থানা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।
নিহত ২৬ বছর বয়সী মেহেদী হাসান চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মোহাম্মদ আলমের ছেলে। তিনি মিরপুরের শাহ আলী এলাকায় থাকতেন।
শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, গুরুতর আহত অবস্থায় মেহেদীকে ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।
তিনি বলেন, “টাকা-পয়সার লেনদেন নিয়ে মেহেদীর সঙ্গে মাহবুব রহমান নামে এক ব্যক্তির কথা কাটাকাটি হয়েছিল। এক পর্যায়ে মাহবুব তার সঙ্গে থাকা ছুরি দিয়ে মেহেদীকে আঘাত করেন।
“মেহেদীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে মাহবুবকে ধরে ফেলেন। পরে ছুরিসহ তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।”
মাহবুবকে আটক করে থানা হেফাজতে রাখার তথ্য দিয়ে ওসি বলছেন, এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। মামলা হলেই গ্রেপ্তার দেখানো হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
নিউজ লাইট ৭১





















