সাহসিকতার সাথে দায়িত্ব পালন করুন: আইজিপি
- আপডেট টাইম : ০৭:৪৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
- / 3
পুলিশ সদস্যদের দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সাহসিকতার সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর দেড়টায় রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক বিশেষ মতবিনিময় সভায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, “রাজধানীতে দেশি-বিদেশি কূটনীতিকসহ সর্বস্তরের মানুষ বসবাস করেন। তাই রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা পুরো দেশের স্থিতিশীলতার স্বার্থেই অপরিহার্য। মাঠপর্যায়ের কাজ গতিশীল করতে সিনিয়র অফিসারদের সরাসরি মনিটরিং বাড়াতে হবে। সঠিক তদারকি থাকলে নিচের স্তরের পুলিশ সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে উৎসাহিত হয়।”
ব্যক্তিগত দায় ও পেশাদারিত্ব প্রসঙ্গে আইজিপি স্পষ্ট করে বলেন, “আপনারা অন্যায়ের কাছে মাথা নত না করে দেশের স্বার্থে ও জনগণের শান্তি প্রতিষ্ঠায় কাজ করবেন। তবে ইচ্ছাকৃত ভুল বা ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করলে তার দায় পুলিশ বাহিনী নেবে না এবং সেক্ষেত্রে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
রাজনৈতিক নিরপেক্ষতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দল-মত নির্বিশেষে পুলিশের পরিচয় একটাই—আমরা আইন ও জনগণের সেবক। এছাড়া মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখার নির্দেশ দেন তিনি।
বর্তমান সময়ের চ্যালেঞ্জ উল্লেখ করে আইজিপি বলেন, “ঐতিহ্যগত অপরাধের চেয়ে এখন সাইবার ক্রাইম, গুজব এবং সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার ও ‘মিস ইনফরমেশন’ মোকাবিলা করা পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পুলিশকে অকার্যকর করার যেকোনো ষড়যন্ত্র ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে।”
মতবিনিময় সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলামসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজ লাইট ৭১






















