ভিসা নিয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- আপডেট টাইম : ০৮:৩৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
- / 19
ভারত বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী এবং দেশটি দ্রুতই ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, ভারত সরকার বাংলাদেশে নিযুক্ত নতুন সরকারের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। বিশেষ করে ব্যবসা-বাণিজ্য, দুই দেশের জনগণের যোগাযোগ এবং মেডিকেল ভিসা কার্যক্রম আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। ভারত এ বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
লিবিয়ায় মানবপাচার প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, সরকার চায় নাগরিকরা বৈধ পথে বিদেশে যাক। তবে মানবপাচারকারী চক্রের অসাধু তৎপরতা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই চক্রগুলোকে চিহ্নিত করে আইনের আওতায় আনার ওপর তিনি জোর দেন।
জ্বালানি তেল আমদানির বিষয়ে প্রতিমন্ত্রী জানান, রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থাকায় তাদের কাছ থেকে তেল আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অনুমতির বিষয়টি জড়িত। এ নিয়ে জ্বালানি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এ ক্ষেত্রে প্রয়োজনীয় কূটনৈতিক সহায়তা প্রদান করছে।
তিনি আরও জানান, দেশে বর্তমানে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে এবং তা আরও বাড়ানোর চেষ্টা চলছে। আগামী মাসে ভারত ও সৌদি আরব থেকে তেল আসার কথা রয়েছে। এ ছাড়া বিকল্প উৎস হিসেবে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকেও জ্বালানি সংগ্রহের প্রক্রিয়া চলমান আছে বলে তিনি উল্লেখ করেন।
নিউজ লাইট ৭১




















