নতুন ফি আরোপের প্রস্তাব
- আপডেট টাইম : ০৯:৫৯:০১ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২
- / 24
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, সচিবালয়ে প্রবেশের নিরাপত্তা ব্যবস্থা আরও আধুনিক করতে ফি আরোপ করার বিষয়ে পরিকল্পনা হচ্ছে।
রোববার (২০ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সচিবালয়ে প্রবেশের যেই সিস্টেম, সেটা যেন আরও স্মার্ট, যুগোপযোগী এবং নিরাপত্তা ফিচারগুলো যেন থাকে সেজন্য অনেকের পক্ষ থেকেই পরামর্শ আসছিল। কিন্তু সেটা করতে আমাদের কিছু অর্থের প্রয়োজন। যেমন আমাদের ছবি তো থাকবেই (কার্ডে) তার সঙ্গে চোখের আইরিশ ও ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকবে। এসব করতে আমাদের অর্থের প্রয়োজন হবে। তাই যারা কার্ড নেবেন, অর্থটা তারাই দেবেন। সেজন্যই অর্থ মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে। আমরা সিদ্ধান্তের অপেক্ষায় আছি।
জানা গেছে, সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থার প্রাধিকারভুক্ত ব্যক্তি ছাড়া অন্যদের প্রবেশ ফি আরোপ করার প্রস্তাব করেছে জননিরাপত্তা বিভাগ। অন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সচিবালয়ে প্রবেশে বছরে তিন হাজার টাকা, জেলা-উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়রদের আড়াই হাজার টাকা এবং বেসরকারি ব্যক্তিদের প্রবেশ ফি বছরে পাঁচ হাজার টাকা আরোপের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে বেসরকারি গাড়ি প্রবেশে বছরে সর্বোচ্চ ১০ হাজার টাকা ফি আরোপের প্রস্তাব করা হয়েছে।
নিউজ লাইট ৭১























