দুই ছাত্রীকে উত্ত্যক্ত করায় পুলিশ কনস্টেবল প্রত্যাহার
- আপডেট টাইম : ০৪:১৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২
- / 80
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই ছাত্রীকে উত্ত্যক্ত করায় এক পুলিশ কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন।
এর আগে গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চুয়েট পুলিশ ক্যাম্পের কনস্টেবল শফিকুল ইসলাম দুই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করেন। ওই শিক্ষার্থীদের অভিযোগ, সন্ধ্যার সময় চুয়েটের প্রধান ফটকের বাইরে এক রেস্তোরাঁয় নাস্তা খাচ্ছিলেন তারা। এ সময় পাশের টেবিলে বসা থেকে অশালীন অঙ্গভঙ্গি করেন ওই পুলিশ সদস্য। রেস্তোরাঁ থেকে বেরিয়ে আসার পরও উত্ত্যক্ত করার চেষ্টা করেন শফিকুল।
পরে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে উপস্থিত অন্য শিক্ষার্থীরা অভিযুক্ত পুলিশ সদস্যকে আটকে রাখেন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম এবং রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন।
নিউজ লাইট ৭১
















