রাজধানীতে ফিরছেন কর্মমুখী মানুষ
- আপডেট টাইম : ০৯:৩০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২
- / 16
রাজধানীতে ইদুল ফিতরের ছুটি শেষে ফিরতে শুরু করেছেন কর্মমুখী মানুষ। তবে ফিরতি পথে কোনো ভোগান্তি ছাড়া স্বাচ্ছন্দ্যেই রাজধানীতে ফিরতে পেরে তারা খুশি।
শুক্রবার (৬ মে) রাজধানীর কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা যায়, প্রতিটি আন্তঃনগর ট্রেন থেকে বহু মানুষ প্লাটফর্মে নেমেছেন।
সকাল ১০টা ৪৫ মিনিটে কমলাপুর রেলস্টেশনের ৫ নম্বর প্লাটফর্মে এসে পৌঁছায় তারাকান্দি থেকে ছেড়ে আসা যমুনা এক্সপ্রেস। ট্রেনের প্রায় ১৪/১৫টি বগি থেকে ১০ মিনিট ধরে শুধু যাত্রীই নামেন।
ট্রেনের যাত্রীরা জানান, কাজের সুবাদে কিছু করার নেই, বাধ্য হয়ে আসতে হয়। যাওয়ার সময় ভ্রমণ একটু কষ্টদায়ক হলেও, আজ ফেরার ভ্রমণটা ছিল অনেকটা কমফোর্ট।
ওই ট্রেনে সরিষাবাড়ী থেকে আসা আতিক রহমান বলেন, অনেক কষ্ট হলেও ইদের একদিন আগে বাড়ি গিয়েছিলাম। কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। কোনো উপায় নেই, তাই আজই চলে আসতে হলো পরিবার নিয়ে। কাল থেকে অফিস শুরু। ফিরতি পথে ট্রেনের টিকিট পেতে এবং আসতে কোনো ভোগান্তি হয়নি। খুব সুন্দরভাবে আসতে পেরেছি। আরো কিছুদিন আব্বা-আম্মার সঙ্গে থাকতে পারলে বেশি ভালো লাগতো।
বেলা ১১টায় রাজধানীর কমলাপুর রেলস্টেশনের ৪ নম্বর প্লাটফর্মে সিরাজগঞ্জ থেকে এসে পৌঁছায় সিরাজগঞ্জ এক্সপ্রেস। ওই ট্রেন দিয়ে প্রায় দেড় হাজারের বেশি মানুষ রাজধানীতে প্রবেশ করেছেন।
নিউজ লাইট ৭১























