আজ জাতীয় ভ্যাট দিবস
- আপডেট টাইম : ০৯:০৯:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯
- / 152
নিউজ লাইট ৭১ ডেস্ক: আজ ১০ ডিসেম্বর, মঙ্গলবার। জাতীয় ভ্যাট দিবস। দেশে মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) কার্যক্রমকে দেশে অধিক জনপ্রিয় করার উদ্দেশ্যে প্রতিবছর দিবসটি উদযাপিত হয়ে আসছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উদ্যোগে অষ্টম বারের মতো এ দিবস পালন করা হচ্ছে।
আর তৃতীয়বারের মতো ১০ ডিসেম্বর দিবসটি উদযাপিত হচ্ছে। কারণ এর আগে প্রতিবছর ১০ জুলাই জাতীয় ভ্যাট দিবস পালিত হতো। এবারের মূসক বা ভ্যাট দিবসের স্লোগান হচ্ছে— ‘ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন।’
বাংলাদেশে ১৯৯১ সালে মূসক প্রবর্তিত হওয়ার পর এ বিষয়ে অধিক সচেতনতা বৃদ্ধির জন্য ২০১১ সাল থেকে দিবস ও সপ্তাহ উদযাপন করা হচ্ছে। করদাতাদের সচেতনতা বৃদ্ধি, কর প্রদানে উদ্বুদ্ধকরণ ও কর্মকর্তাদের সেবার মান উন্নয়নের লক্ষ্যে রাজধানীসহ সারা দেশে দিবসটি একযোগে পালিত হবে।
দিবসের পাশাপাশি ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভ্যাট সপ্তাহ পালন করবে প্রতিষ্ঠানটি। এ উপলক্ষে সপ্তাহব্যাপী থাকবে বিভিন্ন কর্মসূচি।
দিবসটি উপলক্ষে বিভিন্ন পর্যায় থেকে বাণীও দেয়া হয়েছে। রাজধানীসহ সারা দেশে মূসক শোভাযাত্রা, মতবিনিময় সভা, মোবাইলে এসএমএস, স্টিকার, ব্যানার, ভবন সুসজ্জিতকরণের ব্যবস্থা ও জাতীয় পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে এনবিআর।
দিবসটি পালন উপলক্ষে কেন্দ্রীয়ভাবে সকাল সাড়ে ৭টায় বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। র্যালিটি জাতীয় রাজস্ব বোর্ডের সামনে থেকে রাজমনি সিনেমা হলের সামনে দিয়ে কাকরাইল মসজিদ ও মৎস্য ভবন হয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সামনে দিয়ে রাজস্ব ভবনে এসে শেষ হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, এফসিএ। এছাড়া ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০১৯ উদযাপন উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও বিজয়ীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হবে।
এনবিআরের সম্মেলনে কক্ষে সকাল সাড়ে ৮টায় রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন এনবিআর চেয়ারম্যান। থাকছে সেমিনার ও সেরা ভ্যাটদাতাদের সম্মাননা প্রদানের আয়োজনও।
এ দিন বিকাল সাড়ে ৫টায় রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীদের সন্মাননা প্রদান করা হবে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বিশেষ অতিথি থাকবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান। এতে সভাপতিত্ব করবেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, এনডিসি।













