যান চলাচলের জন্য উন্মুক্ত হবে পদ্মাসেতু
- আপডেট টাইম : ০৫:২৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২
- / 19
চলতি বছরের জুন মাসের মধ্যেই যানবাহন চলাচলের জন্য বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মাসেতু উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, এরই মধ্যে পদ্মাসেতুর মূল কাজ শতকরা ৯৬ ভাগ সম্পন্ন হয়েছে। একইসঙ্গে প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে শতকরা ৯০.৫০ ভাগ।
মঙ্গলবার রাজধানীর সেতু বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের অগ্রগতি হয়েছে শতকরা ৮০ ভাগ। টানেল প্রকল্পের কাজ চলতি বছরের ডিসেম্বর মাসে শেষ করার লক্ষ্যে কাজও হচ্ছে।
তিনি আরো বলেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের তিনটি ধাপের মধ্যে এয়ারপোর্টে থেকে বনানী পর্যন্ত প্রথম ধাপের কাজ শেষ হয়েছে শতকরা ৭৮.৫০ ভাগ এবং বনানী মগবাজার অংশের কাজের অগ্রগতি হয়েছে শতকরা ৩১ ভাগ।
সড়ক পরিবহন মন্ত্রী বলেন, এয়ারপোর্ট আশুলিয়া-ইপিজেড এক্সপ্রেসওয়ে এবং এট-গ্রেডে চারলেন সড়কের কাজ শুরুর প্রস্তুতি শেষ হয়েছে। টেস্ট পাইলিংয়ের কাজও শেষ হয়েছে।
সিনহা হত্যা মামলার রায় প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন- সিনহা হত্যার মামলার রায়ে এটাই প্রমাণিত হয়েছে যে, শেখ হাসিনা সরকার আইনের শাসনে বিশ্বাসী। আইন সবার জন্য সমান। দেশের বিচার ব্যবস্থাও স্বাধীনভাবে কাজ করছে। যারা বিচার বিভাগ নিয়ে অহেতুক সংশয় প্রকাশ করে তারা এ রায়ের মাধ্যমে অনেক প্রশ্নের জবাব পেয়ে যাবে।
নিউজ লাইট ৭১























