কচ্ছপের স্থান হয়েছে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে
- আপডেট টাইম : ০৬:৫৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১
- / 58
অবৈধভাবে সিঙ্গাপুর থেকে আসা সাড়ে তিনশ’ অ্যাকুরিয়াম কচ্ছপের স্থান হয়েছে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে।
গত সোমবার শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে এ কচ্ছপগুলো উদ্ধার করেন বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। পরে মঙ্গলবার বিকেলে তা সাফারি পার্ক কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক এএসএম জহির উদ্দিন আকন সাংবাদিকদের বলেন, গত সোমবার বিমানবন্দর কর্তৃপক্ষ সিঙ্গাপুর থেকে আসা একটি বিমান থেকে কচ্ছপগুলো আটক করে। পরে মোট ১২টি বাক্সে থাকা ৩৫০ কচ্ছপ জব্দ করা হয়। মঙ্গলবার কচ্ছপগুলো সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক বলেন, সবুজ বর্ণের এ কচ্ছগুলো সাধারণত বিভিন্ন বাসা-বাড়িতে অ্যাকুরিয়ামে পালন করা হয়। প্রতিটি কচ্ছপের ওজন ২৫-৩০ গ্রাম হবে, যার প্রতিটি ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হয়। কচ্ছপগুলো অবৈধভাবে আমদানি করায় বিমানবন্দর থানায় একটি মামলা হয়েছে।
সাফারি পার্কে কচ্ছপ হস্তান্তরকালে উপস্থিত ছিলেন পার্কের প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবির, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক মো. জহির উদ্দিন আকন, বন্যপ্রাণী পরিদর্শক নার্গিস সুলতানা, পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান প্রমুখ।
পার্কের অ্যাকুরিয়ামে দর্শনার্থীদের বিনোদনের জন্য এ প্রাণীগুলো রাখা হবে বলে জানিয়েছেন পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান।
নিউজ লাইট ৭১























