দেশে তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা
- আপডেট টাইম : ০৭:৩৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
- / 78
আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের ১২টি অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে কয়েকদিনের মধ্যে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
এসময় আরও ভয়ঙ্কর আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জানিয়েছে, কয়েক দিন পর দেশে তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তখন তাপমাত্রা অনেক কমে যেতে পারে।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে আরও জানানো হয়েছে, জানুয়ারিতে দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে একটি তীব্র শৈত্যপ্রবাহ রয়েছে।
এদিকে বুধবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, আজ দিনের আবহাওয়া প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের সহকারী পরিচালক কাউসার পারভীন বলেন, আগামী দুই দিন রাতের তাপমাত্রা আরো কিছুটা কমতে পারে। এরপর আবার তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। জানুয়ারিতে একাধিক তীব্র শৈত্যপ্রবাহ আসতে পারে।
এদিকে খুলনা বিভাগসহ মাদারীপুর, গোপালগঞ্জ, শ্রীমঙ্গল, রাজশাহী, বদলগাছী, দিনাজপুর, তেঁতুলিয়া, ঈশ্বরদী, রাজারহাট, বরিশাল ও খেপুপাড়া অঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ শৈত্যপ্রবাহ কিছু কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়, নদ নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। পরবর্তী তিন দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি একটি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
নিউজ লাইট ৭১























