ভুয়া মানবাধিকার কর্মকর্তা গ্রেপ্তার
- আপডেট টাইম : ০৭:১৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
- / 93
জামালপুরে মানবাধিকার কর্মকর্তা পরিচয়ে ডাকাতির ঘটনায় ভুয়া মানবাধিকার কর্মকর্তা কাউছার আহমেদ নামে একজনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। শনিবার দিবাগত রাতে শহরের তমালতলা এলাকার কথাকলি মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার বিকালে তাকে আদালতের সোপর্দ করে পুলিশ। আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানো হয়েছে।
আব্দুল আজিজের মেয়ে পপি আক্তার বলেন, আমার বাবা অগ্রণী ব্যাংক জামালপুর শাখার প্রিন্সিপাল অফিসার ছিলো। এখন অবসরে আছেন। শুক্রবার বাসায় কেউ ছিলো না। দুপুর সাড়ে ১২টার দিকে কলিং বেল শুনে বাবা বাসার দরজা খুলেন। দরজা খোলার পর ২ জন পুরুষ ও ৩ জন নারী বাসা ভাড়ার কথা বলে আমাদের রুমে ঢুকেন। রুমে ঢুকার পর বাসা ভাড়া নিয়ে কথা শেষে বাবা তাদেরকে বিদায় দেয়ার জন্য দরজা খুলতে গেলে বাবাকে তারা বাধা দেয় এবং বাবার সাথে ধস্তা ধস্তি শুরু করে। বাবা ভয় পেয়ে যায়। পরে তারা তাদের পরিচয় দেয় যে তারা মানবাধিকার কর্মকর্তা।
পপি আক্তার আরো বলেন, আমার বাবা ভয় পেয়ে যায় এবং বাবাকে দিয়ে তারা জোড়পূর্বক একটি মেয়েকে ধর্ষণের স্বীকারোক্তি দিয়ে মোবাইল ভিডিও ধারণ করে। তাই বাবা তাদেরকে তাদের দাবির কথা জিজ্ঞেস করে। তারা বাবার কাছে কয়েক লাখ টাকা দাবি করলে বাবা দিতে অস্বীকৃতি জানায়। তখন তারা আমাদের বাসার আলমারি খুলে নগদ ৭৬ হাজার টাকা, ২ ভরি স্বর্ণের একটি বালা, ১ ভরি স্বর্ণের একটি চেন , ৩৫ হাজার টাকার দুইটি চেক ও ৩০ হাজার টাকার একটি চেক নিয়ে নেই। বাবার কাছে আরো টাকা দাবি করলে বাবা পরে টাকা দিবে বলে তাদের একজনের ফোন নাম্বার রেখে দেয়। এরপর বাবাকে ভয়ভীতি দেখিয়ে দেড় ঘণ্টা পর তারা চলে যায়। শনিবার সকালে বাবা জামালপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এসব বিষয়ে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার বলেন, অভিযোগটি আসার পর কাউছার আহম্মেদকে শনিবার দিবাগত রাতে শহরের তমালতলা এলাকার কথাকলি মার্কেটে স্টুডিওর দোকান থেকে গ্রেপ্তার করে এবং ৩টি চেক উদ্ধার করে সদর থানা পুলিশ। বাকি সদস্যদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
ভুয়া মানবাধিকার কর্মকর্তা কাউছারের বিরুদ্ধে মানবাধিকার কর্মকর্তা, সাংবাদিক, ডিবি পুলিশ ও ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণার ব্ল্যাক মেইলিং এর অভিযোগ রয়েছে। তার প্রতারণার শিকার হয়ে জামালপুরের অসংখ্য মানুষ সর্বস্বান্ত হয়েছে।
নিউজ লাইট ৭১























