সোনা শফিককে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন
- আপডেট টাইম : ০৬:২৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০
- / 85
গোল্ডেন মনিরের অবৈধ সম্পদ ও প্লট জালিয়াতির অভিযোগ অনুসন্ধানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৫৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম ওরফে সোনা শফিককে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে কমিশনের উপ-পরিচালক সামছুল আলমের নেতৃত্বাধীন একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করেন বলে দুদক সূত্রে জানা গেছে।
জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে জিজ্ঞাসাবাদের জন্য দুদক কার্যালয়ে উপস্থিত হন শফিকুল ইসলাম। তাকে প্রায় দেড় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় গোল্ডেন মনিরের সঙ্গে নিজের সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন তিনি।
আরও জানা যায়, শফিকুল ইসলামকে আরও কিছু তথ্য-উপাত্ত কমিশনে পেশ করতে বলা হয়েছে। এজন্য তাকে আরও সাত দিনের সময় বেধে দেয়া হয়েছে। প্রয়োজন হলে যেকোনো সময় দুদক আবারও তাকে তলব করতে পারে।
আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর উত্তরের জাতীয়তাবাদী দলের সভাপতি ও সাবেক কাউন্সিলর এম এ কাইয়ুমের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসেননি।
গোল্ডেন মনির সংশ্লিষ্টতার অভিযোগে বুধবার (৯ ডিসেম্বর) গণপূর্ত অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রদীপ কুমার বসুকে ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদ করে দুদক। তার আগের দিন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সিবিএ নেতা আবদুল জলিল ও নিম্নমান সহকারী সিবিএর সাবেক নেতা মো. ওবায়দুল্লাহ হককে জিজ্ঞাসাবাদ করে দুদক।
গত ২০ নভেম্বর রাজধানীর মেরুল বাড্ডা থেকে অবৈধ অস্ত্র ও মাদকসহ ব্যবসায়ী মনির হোসেনকে (গোল্ডেন মনির) গ্রেফতার করে র্যাব। গত ২৬ নভেম্বর গোল্ডেন মনির ও তার স্ত্রী রওশন আক্তারের সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠায় দুদক। দুদক পরিচালক আকতার হোসেন আজাদের স্বাক্ষরে পাঠানো নোটিশে তাদের ২১ কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে বলা হয়।
এই অনুসন্ধান ছাড়াও আট বছর আগে মনিরের অবৈধভাবে অর্জিত এক কোটি ৬১ লাখ টাকার সম্পদ মা ও স্ত্রীর নামে দেয়ার অভিযোগে আরও একটি মামলা করেছে দুদক।
নিউজ লাইট ৭১























