সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা সিলেটের মহসিন তালুকদার গ্রেফতার
- আপডেট টাইম : ০৬:১৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
- / 87
কলকাতায় কালীপূজার অনুষ্ঠানে যাওয়াকে কেন্দ্র করে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা সিলেটের মহসিন তালুকদারকে (২৫) গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১২ টার কিছু সময় আগে দক্ষিণ সুনামগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৯-এর এএসপি কামরুজ্জামান ও সুনামগঞ্জ র্যাব কমান্ডার ফয়সাল আহমেদ গ্রেফতারের নিশ্চিত করেছেন।
এএসপি কামরুজ্জামান বলেন, কিছুক্ষণ আগে সাকিব আল হাসানকে হুমকিদাতা মহসিন তালুকদারকে দক্ষিণ সুনামগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে এখন সিলেটে নিয়ে আসা হচ্ছে। পরবর্তীতে বিস্তারিত জানাব।
এর আগে গত ১৫ নভেম্বর দিবাগত রাত ১২টা ৬ মিনিটে নিজের ফেসবুক আইডি থেকে ভিডিও লাইভে এসে দা উঁচিয়ে ক্রিকেট বিশ্বের শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার হুমকি দেন মহসিন। পরে ওইদিন সকালে আরেকবার লাইভে এসে দুঃখপ্রকাশ করে সাকিবকে কালিপূজা উদ্বোধন করতে ভারতে যাওয়ার জন্য দুঃখ প্রকাশ করতে বলেন।
এ ঘটনায় সোমবার রাতে সিলেটের জালালাবাদ থানায় মহসিন তালুকদারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব মোর্শেদ।
নিউজ লাইট ৭১























