নারী নির্যাতনকারীদের জন্য আওয়ামী লীগের দরজা চিরদিনের জন্য বন্ধ।
- আপডেট টাইম : ০৬:২৭:১৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০
- / 119
৭১: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নারী নির্যাতনকারীদের জন্য আওয়ামী লীগের দরজা চিরদিনের জন্য বন্ধ।
রোববার (২৫ অক্টোবর) সকালে নোয়াখালীর নিজ নির্বাচনী এলাকার বসুরহাট ও কবিরহাটে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, দলীয় পরিচয় কোনো অপরাধীর আত্মরক্ষার ঢাল হতে পারে না। অপরাধী যেই দলেরই হোক, তার পরিচয় অপরাধীই।
সেতুমন্ত্রী বলেন, কেউ অন্যায় ও অপরাধ করে পার পাবে না। বর্তমান সরকার অন্যায়কারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে। যারাই অপরাধের সঙ্গে জড়িত হচ্ছে, তাদের বিচার করা হচ্ছে।
এসময় কোনো ধরনের উস্কানিমূলক পোস্ট ফেসবুকে না দেয়ার নির্দেশ দিয়ে সেতুমন্ত্রী বলেন, একটি চক্র ফেসবুকে উস্কানিমূলক পোস্টের মাধ্যমে যড়যন্ত্র করেছে। দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করাই তাদের উদ্দেশ্য।
নোয়াখালীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প চলমান আছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এখনো যেসব কাজ বাকী আছে, বর্তমান সরকারের আমলেই তা শেষ করা হবে। তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের জন্য সব কিছুই করা হবে।




















