ভরা মৌসুমেও ইলিশের আকাল
- আপডেট টাইম : ০৯:০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
- / 60
ভরা মৌসুমেও নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদী ও বঙ্গোপসাগরে ইলিশের দেখা নেই। প্রতিবছর এ সময়ে জাল ভরে উঠলেও এবার আশানুরূপ ইলিশ পাচ্ছেন না জেলেরা। ফলে খালি জাল নিয়ে ফিরতে হচ্ছে অধিকাংশ নৌকাকে।
চেয়ারম্যান ঘাট ঘুরে দেখা যায়, এক কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৫০০–২৭০০ টাকায়। এক কেজির নিচের মাছও ১৮০০–২০০০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে দেড় কেজির ইলিশ উঠছে ২৮০০ টাকা পর্যন্ত।
জেলেদের অভিযোগ, অতিরিক্ত শিকার আর নিষিদ্ধ কারেন্ট, মশারি ও ফাঁদ জালের কারণে ইলিশ ঝাঁক বেঁধে ওপরে উঠতে পারছে না। এ ছাড়া ডুবোচর, আবহাওয়ার অনুকূল না থাকা ও নদী দূষণের কারণেও মাছের সংকট দেখা দিয়েছে।
স্থানীয় জেলে কামাল উদ্দিন মাঝি বলেন, “ভরা মৌসুমে এত খালি জাল কোনো দিন দেখিনি। ঋণ নিয়ে সাগরে গেছি, এখন খরচই উঠছে না।”
ইলিশের ঘাটতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন শুধু জেলেরা নন, শ্রমিক, আড়ৎদার ও ব্যবসায়ীরাও। ঋণ শোধে হিমশিম খাচ্ছেন অনেকে, আবার কেউ কেউ পেশা বদলাচ্ছেন।
হাতিয়া উপজেলার মৎস্য কর্মকর্তা মো. ফাহাদ হাসান বলেন, “পরিবেশগত পরিবর্তন ও অতিরিক্ত শিকারের কারণে ইলিশের প্রজননে প্রভাব পড়ছে। তবে পরিস্থিতি শিগগিরই উন্নতি হবে বলে আশা করছি।”
গবেষক ড. মোহাম্মদ আনিছুর রহমান মনে করেন, নদী ও সাগরে বাধা, জলবায়ু পরিবর্তন এবং মাইক্রোপ্লাস্টিক দূষণ ইলিশের আগমন ব্যাহত করছে। কার্যকর পদক্ষেপ ছাড়া সংকট কাটবে না।
নিউজ লাইট ৭১













