দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- আপডেট টাইম : ০৪:৩৯:৫২ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
- / 3
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোটরসাইকেলের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে ইয়াবা পাচারের সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। শুক্রবার (৩১ জুলাই) রাতে উপজেলার মোগরাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ৯৫৫ পিস ইয়াবা উদ্ধার এবং মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— কুমিল্লা জেলার বুড়িচং থানার পাঁচোড়া গ্রামের আবুল কালাম আজাদ (৩৬) ও ব্রাহ্মণপাড়া থানার আনন্দপুর গ্রামের সবুজ (২৯)।
র্যাব-১১ এর সদর কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মোগরাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় একটি বিশেষ চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। এসময় একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা সেটিকে থামার সংকেত দেন। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে আরোহীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন। পরে মোটরসাইকেলটি তল্লাশি করে এর এয়ার ফিল্টার বক্সের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ হাজার ৯৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন যে, তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে কম দামে ইয়াবার চালান সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের জেলাগুলোতে পাইকারি দরে সরবরাহ করে আসছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
নিউজ লাইট ৭১












