কমবে না গরমের দাপট
- আপডেট টাইম : ০৯:১০:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
- / 26
রাজধানী ঢাকায় টানা বৃষ্টিহীন রোদের দাপটে অতিষ্ঠ শহরবাসী। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজও (রোববার ১৯ অক্টোবর) ঢাকার আকাশে হালকা মেঘ থাকলেও গরমের দাপট কমার কোনো সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক থাকবে, ফলে অস্বস্তি আরও বাড়বে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকায় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বাতাস বইবে উত্তর বা উত্তর–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১০ কিলোমিটার বেগে এবং আকাশ আংশিক মেঘলা থাকবে।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, আর আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। ফলে বাতাসে আর্দ্রতা থাকলেও গরমের অস্বস্তি আরও তীব্র হয়েছে।
অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তরের সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, রোববার সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে।
নিউজ লাইট ৭১













