ট্রাকের ধাক্কায় পিকআপ ভ্যান চালক-হেলপার নিহত
- আপডেট টাইম : ০৬:৫০:৪১ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
- / 43
রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পিকআপভ্যানের চালক ও হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কুষ্টিয়া সদর উপজেলার পারোখাদা ত্রিমোহনী গ্রামের মৃত মুনসুর মোল্লার ছেলে নাজমুল (৩৫) এবং পশ্চিম মৌজমপুর উদিবাড়ি গ্রামের শাহিন মোল্লার ছেলে কাওছার (৩০)।
সূত্রে জানা গেছে, নাজমুল ও কাওছার পিকআপভ্যানে কুষ্টিয়ার দৌলতপুর থেকে কাঁচামাল নিয়ে ঢাকার সাভার যাচ্ছিলেন। পথে কল্যাণপুর এলাকায় গাড়ির চাকা পাংচার হয়ে গেলে রাস্তার পাশে দাঁড়িয়ে তারা স্পেয়ার চাকা লাগাচ্ছিলেন। এসময় নাটোর থেকে ঢাকাগামী চালবোঝাই একটি ট্রাক পেছন থেকে এসে তাদের পিকআপভ্যানে সজোরে ধাক্কা দিলে তারা নিজেদের গাড়ির চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
আহলাদিপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে রেকার দিয়ে গাড়ি সরিয়ে লাশ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠায়। প্রাথমিক সুরতহাল শেষে নিহতদের লাশ স্বজনদের কাছে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপভ্যান জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
নিউজ লাইট ৭১













