ধাক্কামারা চক্রের দুই নারী গ্রেপ্তার
- আপডেট টাইম : ০৫:০৪:১৪ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
- / 42
রাজধানীর তেজগাঁও থানাধীন একটি শপিংমলে অভিযান চালিয়ে ধাক্কামারা চক্রের সক্রিয় দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন লিমা আক্তার (২২) ও শাহনাজ বেগম (৪২)। এর আগে গত শুক্রবার রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মুহাম্মদ তালেবুর রহমান জানান, ওই দুই নারী শপিংমলের সপ্তম তলার লিফটের সামনে কৌশলে এক নারীকে ধাক্কা মেরে তার ভ্যানিটি ব্যাগ থেকে নগদ ৪০ হাজার টাকা চুরি করে। এ সময় ভুক্তভোগী বিষয়টি বুঝতে পেরে স্বামীকে সঙ্গে নিয়ে চিৎকার করলে নিরাপত্তা প্রহরীরা এগিয়ে আসে এবং তাদের আটক করে। তবে তাদের সঙ্গে থাকা অজ্ঞাতপরিচয় আরও দুই সহযোগী পালিয়ে যায়।
ঘটনাস্থলে উপস্থিত আরও দুই নারী ভুক্তভোগী জানান, তাদের কাছ থেকেও যথাক্রমে এক লাখ টাকা এবং ৪ দশমিক ৫ গ্রাম ওজনের একটি স্বর্ণের টিকলি (মূল্য আনুমানিক ৬৪ হাজার ৫শ টাকা) ও ১০ হাজার টাকা চুরি হয়েছে।
এ বিষয়ে মুহাম্মদ তালেবুর রহমান জানান, আসামিরা চুরির কথা স্বীকার করেন। তেজগাঁও থানা পুলিশ ও নারী পুলিশের সহায়তায় যুথী আক্তারের ভ্যানিটি ব্যাগ থেকে নগদ এক লাখ ৫০ হাজার টাকা এবং স্বর্ণের টিকলি উদ্ধার করা হয়। তিনি আরও জানান, লিমা আক্তার একটি আন্তঃজেলা পকেটমার চক্রের নেতা এবং তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট ১৪টি মামলা রয়েছে।
এ ঘটনায় তেজগাঁও থানায় একটি মামলা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
নিউজ লাইট ৭১













