সীমান্ত থেকে ২২ লাখ টাকার ভারতীয় রুপা জব্দ
- আপডেট টাইম : ০৭:০৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- / 53
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৯ কেজি ভারতীয় দানাদার রুপা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৯ আগস্ট) দুপুরে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. হায়দার আলী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, চোরাকারবারীরা দামুড়হুদার জগন্নাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে বিপুল পরিমাণ রুপা পাচারের পরিকল্পনা করছে। এরপর ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মো. হায়দার আলীর নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্তের মেইন পিলার ৯৬ নম্বর থেকে প্রায় ৩০০ গজ ভেতরে ঈশাড়ার মোড় এলাকায় অবস্থান নেন।
শনিবার ভোর সাড়ে ৫টার দিকে মোটরসাইকেলে করে দুই সন্দেহভাজন ব্যক্তি সীমান্তের দিকে অগ্রসর হলে বিজিবি তাদের থামার নির্দেশ দেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা মোটরসাইকেল ফেলে পাশের পাটক্ষেতে পালিয়ে যায়। পরে মোটরসাইকেলটি জব্দ করে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকানো ৮ কেজি ৯০০ গ্রাম ভারতীয় দানাদার রুপা উদ্ধার করা হয়। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা।
এ ঘটনায় নায়েব সুবেদার মো. আব্দুস সাত্তার বাদী হয়ে দামুড়হুদা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। জব্দকৃত রুপা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
নিউজ লাইট ৭১













