স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ, গ্রেপ্তার ২
- আপডেট টাইম : ১১:৫৫:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- / 51
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে উপজেলার মোকামতলা বন্দরের প্রতিবন্ধী অফিসে। গ্রেপ্তারকৃতরা হলেন শিবগঞ্জ উপজেলার মুরাদপুর দক্ষিণপাড়ার হাফিজুর রহমানের ছেলে আবু সুফিয়ান জাকির (৪০) এবং পাঁর আচলাই মধ্যপাড়ার শাহজাহান ইসলামের ছেলে মিল্লাত হোসেন (৩৫)।
এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর স্বামী বাদী হয়ে শিবগঞ্জ থানায় চারজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। মামলার অপর দুই আসামি হলেন শিবগঞ্জের মুরাদপুর উত্তরপাড়ার ফারুক হোসেন (৪০) এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার আজাহার (৫০)।
মামলার বিবরণ অনুযায়ী, আসামিরা গৃহবধূ ও তার স্বামীকে গোবিন্দগঞ্জের কুমারগাড়ী থেকে জোরপূর্বক সিএনজিতে তুলে মোকামতলা বন্দরের প্রতিবন্ধী অফিসে নিয়ে আসে। সেখানে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করা হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান জানান, এ ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
নিউজ লাইট ৭১













