কেওড়া বাগানে অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার
- আপডেট টাইম : ০৭:১৩:১৬ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
- / 45
সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুর ত্রিমোহনী খেয়াঘাটের দক্ষিণ পাশে খোলপেটুয়া নদীর চরে কেওড়া বাগানের ভেতর থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৯ জুন) সকাল পৌনে ১০টার দিকে স্থানীয় কয়েকজন কাঁকড়া ধরতে গিয়ে লাশটি দেখতে পান। তবে নদীতে জোয়ার ও তীব্র দুর্গন্ধের কারণে বিকেল ৫টা পর্যন্ত লাশটি উদ্ধার সম্ভব হয়নি।
মৃত ব্যক্তির পরনে লুঙ্গি ও লাল চেক শার্ট ছিল এবং গলায় একটি তুলসীর মালা পাওয়া গেছে। গলায় পেঁচানো একটি নেটের সঙ্গে লাশটি কেওড়া গাছের ডালে আটকে ছিল। মুখমণ্ডলে আঘাতের চিহ্ন রয়েছে।
প্রত্যক্ষদর্শী কল্যাণপুর গ্রামের মাসুম বিল্লাহ জানান, ‘আমরা কয়েকজন কাঁকড়া ধরতে গিয়ে বাগানের ভেতর ঝুলন্ত একটি পা দেখি। পরে স্থানীয়দের ও পুলিশকে খবর দিই।’
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন বলেন, ‘ধারণা করা হচ্ছে লাশটি কয়েকদিন আগে জোয়ারের পানিতে ভেসে এসে গাছের সঙ্গে আটকে গেছে। পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল ওয়াদুদ ঘটনাস্থলে গেছেন। তবে নদীতে জোয়ার ও দুর্গন্ধ থাকায় উদ্ধার কাজে বিলম্ব হচ্ছে। মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে।’
নিউজ লাইট ৭১













