বাসের নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদে ধাক্কা, বাবা-ছেলের মৃত্যু
- আপডেট টাইম : ১১:৫৬:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫
- / 101
ময়মনসিংহের তারাকান্দায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি মসজিদে সজোরে ধাক্কা দেয়। এতে বাসে থাকা বাবা-ছেলে নিহত হন এবং আহত হয়েছেন অন্তত ১২ জন।
শুক্রবার (৬ জুন) সকাল ৮টার দিকে উপজেলার পশ্চিম তালদিঘি ফকির বাড়ি এলাকায় ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় গ্রামের মো. পারভেজ মিয়া (৩৫) এবং তার ছেলে মো. হাসান মিয়া (৮)।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি শেরপুরের দিকে যাচ্ছিল। পথে পশ্চিম তালদিঘি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং বাসটি সড়কের পাশের একটি মসজিদে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলে নিহত হন।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। দুর্ঘটনার পর আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।
নিউজ লাইট ৭১













