বরিশালে পুকুর-দীঘিতে মিলছে মানবদেহের বিভিন্ন অংশ
- আপডেট টাইম : ০৭:২৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
- / 70
বরিশাল নগরীর কাশিপুর এলাকায় পুকুর-দীঘি থেকে মানুষের শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকেল পৌনে ৪টা পর্যন্ত একটি দিঘি ও পুকুর থেকে হাতের একটি অংশ ও পায়ের একটি অংশ উদ্ধার করা হয়। রবিবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ওই এলাকায় পুলিশের অভিযান অব্যাহত ছিল।
পুলিশ জানায়, শরীরের অংশগুলো কোনো শিশুর হতে পারে বলে তাদের ধারণা। এগুলো কিভাবে নগরের কাশিপুর এলাকার দিঘি ও পুকুরে এসেছে, তা খতিয়ে দেখা হবে। ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হয়েছে।
এয়ারপোর্ট থানার ওসি জাকির হোসেন শিকদার জানান, হাতেম মীরার দিঘির পাড়ে নীরব নামের একটি শিশু রবিবার সকাল ১০টার দিকে মানুষের পায়ের কাটা অংশ দেখতে পায়। সে স্থানীয়দের জানালে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়। পরে থানা পুলিশ এসে সেই পায়ের অংশ উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা বাবুল সিকদার জানান, পুলিশ পায়ের অংশটি নিয়ে যাওয়ার সময় দিঘির পশ্চিম পাশের একটি পুকুরে পলিথিনে মোড়ানো অবস্থায় মানুষের শরীরের আরো কিছু অংশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে সেগুলোও উদ্ধার করে পুলিশ।
তিনি বলেন, উদ্ধারের সময় হাত-পায়ের টুকরাসহ মাথা ও কলিজার অংশও দেখা গেছে। তবে পুলিশ স্থানীয়দের এ বিষয়ে কিছু বলেনি। তারা পুকুর ও দিঘিতে তল্লাশি করছে। ফায়ার সার্ভিসের ডুবুরিদলকেও খবর দিয়ে এনেছে।
নিউজ লাইট ৭১













