বিকল্প বাজারে সরকার নজর রেখেছে:বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি
- আপডেট টাইম : ০৯:৫১:১৪ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০
- / 347
নিউজ লাইট ৭১: চীনে করোনাভাইরাসের কারণে বাজারের যে পরিস্থিতি তা মোকাবিলায় নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির ক্ষেত্রে বিকল্প বাজারে সরকার নজর রেখেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
তিনি বলেন, চীনে করোনাভাইরাস সমস্যাটি দীর্ঘমেয়াদি হলে এর প্রভাব দেশের বাজারেও পড়ার আশঙ্কা রয়েছে। তবে তা মোকাবিলায় নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির ক্ষেত্রে বিকল্প বাজারে নজর রেখেছে সরকার।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ-কানাডা বাণিজ্য সম্পর্কিত বিষয়ে বাংলাদেশে সফররত কানাডার সাচকাচোয়ান প্রদেশের কৃষিমন্ত্রী এইচ ই ডাভিড মারিটের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় শেষে বাণিজ্যমন্ত্রী এ কথা জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বর্তমানে যে পরিমাণ পেঁয়াজ আমদানি হয়, এতে চায়না থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হলেও সমস্যা হবে না। আদা-রসুনসহ অন্যান্য পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে চায়নার বিকল্প বাজারে নজর রাখছে সরকার।’
করোনাভাইরাসের প্রভাবে বাণিজ্যে কী পরিমাণ ক্ষতি হবে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, এখনই বলার সময় হয়নি কী পরিমাণ ক্ষতি হতে পারে। আমাদের অনেক আইটেম আছে যেগুলো চায়নার ওপর নির্ভরশীল। বিশেষ করে রেডিমেট গার্মেন্টসের অধিকাংশ ফেব্রিকস চায়না থেকে আসে, এটার ওপর প্রভাব পড়ছে কি না দেখতে হবে। তবে এখন পর্যন্ত খুব একটা সমস্যার সৃষ্টি হয়নি। কারণ এখন চীনে শুধু একটি প্রদেশেই সমস্যা হচ্ছে। তারপর এখন ওদের বার্ষিক ছুটিও চলছে।
তিনি বলেন, ক্ষতির বিষয়ে ব্যবসায়ী সংগঠনগুলোর কাছে জানতে চেয়েছি। তারা এ বিষয়ে জানাতে দু-তিন দিন সময় চেয়েছে। আশা করছি কালকের মধ্যে তারা হয়তো একটা আইডিয়া দিতে পারবেন, সত্যিকারার্থে কোনো ক্ষতি হবে কি না।













