বঙ্গবন্ধু রেল সেতুর নির্মাণ ব্যয় আরও বেড়েছে
- আপডেট টাইম : ০৯:১১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০
- / 144
নিউজ লাইট ৭১ রিপোর্ট: বঙ্গবন্ধু রেল সেতুর নির্মাণ ব্যয় আরও বেড়েছে। আগে এ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল ৯ হাজার ৭৩৪ কোটি টাকা। এখন ব্যয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৩ হাজার কোটি টাকা।
অর্থাৎ আগের চেয়ে তিন হাজার কোটি টাকা বেশি খরচ হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সচিবালয়ে ক্রয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার ক্রয় কমিটির বৈঠকে এ-সংক্রান্ত দর প্রস্তাবের অনুমোদন দেয়া হয়। এটিসহ মোট ৯ প্রকল্পের দরপ্রস্তাবে অনুমোদন দেয় ক্রয় কমিটি।
ব্যয় বাড়ার কারণ জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, কাজের পরিমাণ বেড়েছে। তবে কী ধরনের কাজ বেড়েছে সেটা তিনি বলেননি। এ প্রসঙ্গে তিনি জানান, বিষয়টি একনেকে আলোচনা হওয়া ভালো।
পরিকল্পনামন্ত্রী থাকাকালীন অবস্থায় এটি অনুমোদন দিয়েছিলেন জানিয়ে অর্থমন্ত্রী বলেন, বাড়তি ব্যয়ের পুরো অর্থ জাইকা ঋণ সহায়তা হিসেবে দেবে।













