মসজিদের ইমামের তালাবদ্ধ ঘরে হাতবোমা বিস্ফোরণ
- আপডেট টাইম : ১১:০৯:০২ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / 3
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নে একটি মসজিদের ইমামের তালাবদ্ধ থাকার ঘরে বিকট শব্দে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদে এই ঘটনা ঘটে। তবে ঘরটি তালাবদ্ধ থাকায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের সঙ্গেই ইমাম মাওলানা মো. আকাশ হাওলাদারের থাকার ঘরটি অবস্থিত। অসুস্থতার কারণে ইমাম আকাশ গত ৫ দিন ধরে মসজিদে নেই এবং তিনি বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অনুপস্থিতিতে ওই ঘরের চাবি মসজিদের মোয়াজ্জেম মো. আলাউদ্দিন ওলিল আকনসহ তিনজনের কাছে গচ্ছিত রাখা ছিল।
মঙ্গলবার বিকেলে হঠাৎ ওই তালাবদ্ধ ঘর থেকে বিকট শব্দে হাতবোমা বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতায় ইমামের ঘরের টিনশেড বেড়ার একাংশ উড়ে যায়। বোমার বিকট শব্দ শুনে মুহূর্তেই মসজিদের সামনে বিপুল সংখ্যক স্থানীয় লোকজন ভিড় জমান। খবর পেয়ে মাদারীপুর সদর মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “মসজিদের ইমামের থাকার ঘরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এতে ঘরের টিনের বেড়া ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখছে। বিস্ফোরণের প্রকৃত কারণ এবং এই বোমা রাখার সাথে কারা জড়িত, তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।”
নিউজ লাইট ৭১














